বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মী বাগেরহাটের অদম্য তরুণ ইসমাইল ইকনের বাবার মৃত্যুর পর রাতে এটিএম বুথে ডিউটি করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকন-কে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়ালেন গণমানুষের ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি বৃহস্পতিবার তাকে নগদ এক লক্ষ টাকা এবং এক মাসের ছুটিসহ তার পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের আর্থিক সংকটের কারণে ইকন পড়াশুনার পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ ইকনের বাবার জানাযায় অংশগ্রহণ করে পরিবারের সাথে সাক্ষাৎকালেই তাকে ছুটি দিয়ে দেয়। কিন্তু বাড়িতে শোকাবস্থা বিরাজ করায় পরেরদিন পরীক্ষায় অংশগ্রহণের বিষয় চিন্তা করে ব্যাংকের এটিএম বুথে পড়াশুনা করার সিদ্ধান্ত নেয়ার কারণে তিনি ডিউটিরত ছিলেন। ইকনের এই অদম্য ইচ্ছা শক্তির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক এই মানবিক সিদ্ধান্ত নিয়েছে।
