বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ১৮ আগষ্ট ২০২৬ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিসহ সর্বোপরি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য বাংলাদেশ ব্যাংক ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কীম” পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। উক্ত স্কীমসমূহের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক জনাব একেএম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পক্ষ হতে এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব এফ. এম. নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জনাবা রাফিয়া সুলতানা, যুগ্ম-পরিচালক জনাব মো: সাখাওয়াত হোসেন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের ইউনিট ইনচার্জ মো: রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশগ্রহণের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উক্ত স্কিমের আওতায় ৮% সরল মুনাফা হারে কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করে দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কৃষকদের জন্য সহজ ও সুলভ অর্থায়নের মাধ্যমে কৃষি সম্প্রসারণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
