চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর)। এ আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
একাদশে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি ২২০ টাকা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আবেদন, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও নিশ্চায়নের পর ভর্তি নেওয়া হবে। ২২ সেপ্টেম্বর ভর্তি শেষ হবে। ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবো আমরা।
এর আগে, গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হবে। আর বাকি ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
আবেদন-ভর্তি-ক্লাসসহ গুরুত্বপূর্ণ তারিখ
২ থেকে ১০ সেপ্টেম্বর ভর্তির আবেদন নেওয়া হবে। ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। একই সময়, অর্থাৎ, ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।
