প্রচ্ছদ বিশেষ খবর ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

0
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের

কমিউনিটি ব্যাংকের সেবায় যুক্ত হলো নতুন অধ্যায়। ‘কমিউনিটি ইসলামিক’ চালুর মাধ্যমে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা নিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। শরিয়াহর নীতিমালা পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর ব্যাংকিং চাহিদা পূরণ করাই এ উদ্যোগের লক্ষ্য।

সোমবার রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে অবস্থিত ব্যাংকের চকবাজার শাখায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তী আলোচনায় বক্তারা আর্থিক লেনদেনে নৈতিকতা প্রতিষ্ঠা, গ্রাহকের আস্থা অর্জন এবং সমাজের সামগ্রিক কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

শুরুতে বক্তব্য দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, যাঁর নেতৃত্বে কমিউনিটি ইসলামিক চালুর উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্য তুলে ধরেন তিনি। কমিউনিটি ইসলামিককে গ্রাহকদের আস্থার সেবা হিসেবে গড়ে তুলতে শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবার ওপর গুরুত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক।

এরপর বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহর নীতিমালা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন তিনি। স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেন কীভাবে গ্রাহক ও সমাজের বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ও তাঁর আলোচনায় উঠে আসে।

পরবর্তী বক্তব্যে কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম ইসলামিক ব্যাংকিংয়ের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করেন। আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি গ্রাহকসেবা ও সামাজিক কল্যাণে শরিয়াহর বিধিবিধান যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এরপর বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, জনআস্থা সুদৃঢ় করতে নৈতিক ব্যাংকিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং সমাজের কল্যাণে অবদান রাখার ক্ষেত্রে ন্যায়সংগত লেনদেন ও দায়িত্বশীল সেবার ওপর তিনি গুরুত্ব দেন।

পরবর্তী বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), গ্রাহকদের আর্থিক প্রয়োজন ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। দায়িত্বশীল ও শরিয়াহভিত্তিক আর্থিক সেবার মাধ্যমে অর্থনৈতিক কর্মকা-ে মানুষের অংশগ্রহণ এবং জনকল্যাণে অবদান রাখার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান সততা, আমানতদারিতা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন। কমিউনিটি ইসলামিক এসব মূল্যবোধ ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে এবং মানুষের কল্যাণে অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম; এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান; ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version