প্রচ্ছদ বিশেষ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি আবেদন ও পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি আবেদন ও পরীক্ষা

0

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক (পুনঃপরীক্ষা) পরীক্ষার কথা বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এ সিদ্ধান্তের সঙ্গে একমত নয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়টি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি আবেদন ও পরীক্ষা আয়োজন করবে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সবার সম্মতিতে পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়েই ভর্তি আবেদন ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুরে ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের সিদ্ধান্ত হয়। এইচএসসির পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছিলেন, যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাদেরও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানিয়েছেন, ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে ঢাবির কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম চলবে।

ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। চারুকলা ও আইবিএ ছাড়া বাকি তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

এদিকে, ইউজিসির সভায় সিদ্ধান্ত হয়েছে, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আগামী জানুয়ারি থেকে ভর্তি আবেদন ও ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করবে। একই দিনে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না রাখতেও সময়সূচি সমন্বয়ের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version