দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ও কোম্পানি সচিব নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত সততা ও আর্থিক অবস্থাও যাচাই করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দণ্ডিত, অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি এসব পদে নিয়োগের যোগ্য হবেন না। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘনের দায়ে দণ্ডিত, ঋণখেলাপি বা আদালত ঘোষিত দেউলিয়া ব্যক্তিও এসব পদে নিয়োগ পাবেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগপ্রত্যাশীর স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্ক থাকলেও তিনি অযোগ্য বিবেচিত হবেন।
সিএফও হতে যোগ্যতা
যেসব আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি, সেসব প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার কম হলে অভিজ্ঞতা থাকতে হবে অন্তত আট বছর।
এ পদে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, এমবিএম কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ও চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
সিটিও হতে যোগ্যতা
প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হতে তথ্যপ্রযুক্তি খাতে অন্তত আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে পাঁচ বছর।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞানে উচ্চতর পেশাগত ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
কোম্পানি সচিব হতে যোগ্যতা
কোম্পানি সচিব পদে নিয়োগ পেতে আর্থিক প্রতিষ্ঠানে অন্তত আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বোর্ড সেক্রেটারিয়েট বা কমপ্লায়েন্স বিভাগে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে।
এ পদে আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রির পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করতে হবে। তবে নিয়োগ বা পদায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না।
