সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর উদ্যোগে “বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা: ইসলামী ব্যাংকগুলোর বাস্তব সমস্যা ও শরীআহসম্মত সমাধান” শীর্ষক এক সেমিনার ২১ নভেম্বর ২০২৬, শনিবার রাজধানীর দিলকুশায় পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বদিউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অব শরীআহ সেক্রেটারিয়েট উইং ও এসইভিপি মুহাম্মদ শামসুদ্দোহা, বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. মুফতি ইউসুফ সুলতান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং ও এসইভিপি এ.কে.এম. মীজানুর রহমান। প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের পুনঃতফসিল, পুনর্গঠন, পুনঃঅর্থায়ন, প্রাক্-অর্থায়ন ও বিশেষ এক্সিটের মতো নীতি সহায়তা মূলত প্রচলিত কাঠামো বিবেচনায় প্রণীত হওয়ায় ইসলামী ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে পারে না। গ্রেস পিরিয়ডে মুনাফা আরোপ এবং মুদারাবা ডিপোজিটরদের তহবিল থেকে একতরফাভাবে মুনাফা মওকুফ এর উদাহরণ। সমাধান হিসেবে প্রবন্ধে ইসলামী ব্যাংকগুলোর জন্য পৃথক সার্কুলার, ওয়াকালা-মুদারাবা-মুশারাকাভিত্তিক পুনঃঅর্থায়ন তহবিল, শরীআহসম্মত তারল্য সহায়তা, এনপিআই প্রভিশনিংয়ে এবং জু‘আলা ও ইবরাভিত্তিক নিষ্পত্তির মাধ্যমে খেলাপি বিনিয়োগ আদায়ের প্রস্তাব করা হয়। প্রবন্ধে বলা হয়, ইসলামী ব্যাংকের জন্য বিশেষ সুবিধা নয়, বরং চুক্তিগত পার্থক্য বিবেচনায় সমতাভিত্তিক শরীআহসম্মত নিয়ন্ত্রক ব্যবস্থাই অধিক যুক্তিসংগত।
প্যানেল আলোচনায় অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, সোনালী ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডির পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। আলোচকগণ বলেন, ইসলামী ব্যাংকিংয়ের চুক্তিগত কাঠামো প্রচলিত ঋণ থেকে ভিন্ন হওয়ায় নীতি সহায়তার শর্ত ও কার্যপদ্ধতি নির্ধারণে শরীআহর মৌলিক নীতিমালা বিবেচনায় রাখা জরুরি। তাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের প্রতি সহনশীলতা এবং ইচ্ছাকৃত খেলাপির ক্ষেত্রে কঠোর অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরে উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
অতিথির বক্তব্যে বদিউর রহমান বলেন, ইসলামী ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত ও শরীআহসম্মত নীতি সহায়তা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, শরীআহ পরিপালন বজায় রেখে নীতি সহায়তার সুফল নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকসমূহ ও শরীআহ সুপারভাইজরি কমিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন ও দু‘আ পরিচালনা করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিনিধি, বিভিন্ন ইসলামী সেবাদানকারী ব্যাংকের শীর্ষ নির্বাহী, শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য, শিক্ষাবিদ, গবেষক এবং সিএসবি ফেলোস ফোরামের নেতৃবৃন্দসহ ৪২টি প্রতিষ্ঠানের দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।