রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বিজয়নগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, জেলার নিমপাড়া গ্রামে ইব্রাহীমের শ্বশুরবাড়ি থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সালাম। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। পরে তার ছেলে ইব্রাহীমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে ইব্রাহীমের মৃত্যু হয়।
