জাতীয় বেতন কমিশনের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয়ক পরিষদের ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫, সিবিএ এর উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ০৩.০২.২০২৬ খ্রি. তারিখ বেলা ১১.০০ ঘটিকায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি প্রকাশ করেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক জনাব মোঃ জাহিদ হোসেন, অফিসার কল্যান সমিতির সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ জনাব সৈয়দ লিয়াকত হোসেন, উইমেন্স ফোরামের সভানেত্রী জনাব তাসলিমা আক্তার লিনা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫, সিবিএ এর সহ-সভাপতি জনাব মোঃ ইউনুস আলী, সঞ্চালনা করেন সিবিএ’র সাধারণ সম্পাদক জনাব মোঃ মিরাজ হোসেন। সমাবেশে বক্তারা জানান ফ্যাসিস্ট সরকারের আমলে বেতন স্কেল বাজার মূল্যের সাথে সমন্বয়ের প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। মুদ্রাস্ফিতি অনুযায়ী গত ১১ বছরে সরকারি চাকুরীজীবিদের বেতন কাঠামো উন্নিত করা হয়নি। ফলে একদিকে দ্রব্য মূল্য বৃদ্ধি অন্যদিকে সরকারি কর্মচারীদের প্রাপ্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত করা হচ্ছে। বক্তারা আরও বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় বেতন কমিশনের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না হলে চলমান কর্মসূচী অব্যাহত থাকবে। এ আন্দোলনে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা একাত্বতা প্রকাশ করেন।
