অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।
সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে শাখাসমূহের এডি রেশিও বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে জাল-জালিয়াতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। ক্যাশলেস ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং কার্যক্রমে অগ্রণী ব্যাংকের অগ্রগতি ধরে রাখা এবং এ কার্যক্রম আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলন উপলক্ষে স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাহকদের মাঝে ২ কোটি ৫৫ লাখ টাকা নতুন ঋণ বিতরণ এবং শ্রেণীকৃত ঋণ থেকে নগদ ১ কোটি ৫৫ লাখ টাকা আদায় করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার স্বল্পসুদবাহী আমানত বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় গ্রাহকসেবার মান আরও উন্নত করার মাধ্যমে অগ্রণী ব্যাংককে দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, অঞ্চল প্রধান, সার্কেলের ৭৮টি শাখার শাখা প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
