প্রচ্ছদ আবাসন রিহ্যাব এর সকল কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট

রিহ্যাব এর সকল কার্যক্রম চলতে বাধা নেই: হাইকোর্ট

0

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ১৭ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে আজ ১ নভেম্বর এ আদেশ দেন আদালত। এর ফলে রিহ্যাবের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ওই নির্দেশনার বাধা থাকছে না। এখন সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে রিহ্যাব।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট পিটিশনে পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। পিনিশন নম্বর ১০৪৩৬/২০২৬। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর তারিখের দেওয়া সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে।

সনদপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা একটি চিঠির মাধ্যমে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া যে কোন ধরনর সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হয়।

ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক হাইকোর্টে রিট করেন। আইনজীবীর সনদপত্র অনুযায়ী, ১ নভেম্বর উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।

এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন করে স্বাভাবিক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংগঠনটির বোর্ড সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ১৭ অক্টোবরের নির্দেশনার কারণে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, তা আপাতত কার্যকর থাকছে না।

আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version