ডিজিটাল রেমিট্যান্স ও আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করলো মেঘনা ব্যাংক পিএলসি । ব্যাংকটি বাংলাদেশে প্রথমবারের মত ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট (Visa Direct for Account – VDA) সেবা চালু করেছে । বিশ্বখ্যাত মানি মুভমেন্ট নেটওয়ার্ক ভিসা-এর সহযোগিতায় চালু হওয়া এই সেবার মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী উপায়ে প্রায় রিয়েল-টাইমে বৈদেশিক মুদ্রা প্রেরণ করতে পারবেন ।
এই গ্রাহক সেবা ব্যবহারের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সকল বৈদেশিক লেনদেন যেমন পারসন-টু-পারসন (P2P) এবং কনজিউমার-টু-বিজনেস (C2B) করা যাবে । ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট প্ল্যাটফর্মটি ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিকভাবে চালু করা হয় এবং বর্তমানে মেঘনা ব্যাংক যোগ্য আউটওয়ার্ড রেমিট্যান্স লেনদেনে এই সেবা কার্যকরভাবে প্রদান করছে ।
১৯ জানুয়ারি ২০২৬ তারিখে, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির শুভ উদ্বোধন করা হয় । অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মো. জাকির হোসেন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসা-এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার জনাব সাব্বির আহমেদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মিজানুর রহমান । এ এছাড়াও মেঘনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী বলেন, “ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট সেবা চালু করা বাংলাদেশ ব্যাংকের নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক পেমেন্ট অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যকে সুদৃঢ় করে। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ লেনদেনের দক্ষতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং দেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক সেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ভিসা-এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার জনাব সাব্বির আহমেদ বলেন,
“মেঘনা ব্যাংক পিএলসির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট সেবা চালু করতে পেরে ভিসা গর্বিত। এই উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী উপায়ে বৈদেশিক মুদ্রা প্রেরণের সুযোগ পাবেন, যা দেশের নির্বিঘ্ন ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

