প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স সহজ, দ্রুত ও নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে এনআরবিসি ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ তারিখে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
সমঝোতার আওতায় এনআরবিসি ব্যাংক হয়ে প্রবাসীর প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে মুহুর্তেই রেমিট্যান্স পৌছে যাবে। যেকোন স্থান থেকে যেকোনো সময় সহজে রেমিট্যান্স গ্রহণের এই সুবিধা প্রবাসী পরিবারগুলোর জন্য লেনদেনকে আরও সহজ ও কার্যকর করবে। খুব সহজে রেমিট্যান্স পাঠানোর সুবিধা দেশের আর্থিক অন্তর্ভুক্তির পরিসর আরও বিস্তৃত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আবদুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, আইসিটি অপারেশন্স ডিভিশনের প্রধান মো. রাজিদুল ইসলাম, ট্রেজারি বিভাগের প্রধান কাজী জুনায়েদ জামান এবং বিকাশের ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (রেমিট্যান্স) ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শেখ ইবনে জিলানী, পাটর্নারশিপ ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট শৌভিক ঘোষ, রেমিট্যান্স বিভাগের ম্যানেজার তানভীর মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রযুক্তির ব্যবহার পেমেন্ট ব্যবস্থাকে অনেক সহজ ও নিরাপদ করেছে। এনআরবিসি ব্যাংক ও বিকাশের এই অংশীদারিত্ব প্রবাসী বাংলাদেশীদের আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে তাদের অংশগ্রহণ আরও বাড়াবে।

