দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি (৩১ আগস্ট ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ এর উপস্থিতিতে কৃষিঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিভাগের ফোকাল পারসন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সোহরাব হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কৃষিঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীনসহ বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
উল্লেখ্য, পুনঃ অর্থায়ন তহবিলের কার্যক্রম আগামী ৩ বছর পর্যন্ত চলমান থাকবে। এই কার্যক্রমের মাধ্যমে উত্তরবঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি খাতে গ্রাহক প্রতি সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে গ্রাহক প্রতি সর্বোচ্চ ৪০ কোটি টাকা, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে গ্রাহক প্রতি সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং কৃষিপণ্য ও কৃষিভিত্তিক পণ্যের রপ্তানী খাতে গ্রাহক প্রতি সর্বোচ্চ ১৫ কোটি টাকা প্রদান করা যাবে; যা মূলত গ্রাহকের কার্যকরী মূলধন চাহিদার উপর ভিত্তি করে প্রদান করা হবে।

