মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশি তরুণ স্কোয়াশ তারকা পারভেজ করিম আন্তর্জাতিক অঙ্গনে ‘কলম্বো জুনিয়র স্কোয়াশ ওপেন ২০২৬ – এশিয়ান জুনিয়র সুপার সিরিজ’-এ বয়েজ অনূর্ধ্ব-১৯ (সুপার প্লেট) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিকেএসপির এই তরুণ অ্যাথলেট শুরু থেকেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। টুর্নামেন্টের সেমিফাইনালে দুই বাংলাদেশি তরুণের মধ্যে এক রোমাঞ্চকর লড়াইয়ে বিকেএসপির অপর উদীয়মান তারকা মো. সাইমুন ইসলাম-কে ৩-২ সেটে (১১-৮, ১২-১৪, ১২-১০, ৪-১১, ১১-৮) পরাজিত করে ফাইনালে ওঠেন পারভেজ। এরপর ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার ভিরাকোডিকে ৩-১ সেটে (১১-৫, ১১-৮, ৯-১১, ১১-৭) হারিয়ে তিনি চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরেন।
দেশের তরুণ ক্রীড়াবিদদের এগিয়ে নেওয়ার অংশ হিসেবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পৃষ্ঠপোষকতায় পারভেজ করিম ও সাইমুন ইসলাম শ্রীলঙ্কায় আয়োজিত এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।
ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণ এই অ্যাথলেটরা বলেন, এমটিবি তরুণ প্রতিভাদের ওপর যে আস্থা রেখেছে, তা-ই তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার এবং দেশের জন্য গৌরব বয়ে আনার সুযোগ তৈরি করে দিয়েছে।
এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-র পক্ষ থেকে জানানো হয়: “আন্তর্জাতিক মঞ্চে পারভেজ করিমের এই শিরোপা জয় এবং সাইমুন ইসলামের লড়াকু পারফরম্যান্সে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই আজ এই সাফল্য এনে দিয়েছে, আর তাদের এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে এমটিবি সত্যি আনন্দিত। বিকেএসপির উদীয়মান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো দেশের ভবিষ্যৎ ক্রীড়া আইকনদের গড়ে তোলার ক্ষেত্রে এমটিবি’র প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। এমটিবি বিজয়ী পারভেজ ও সাইমুনকে আন্তরিক অভিনন্দন জানায় এবং দেশের সুনাম বয়ে আনা এই ধরনের প্রচেষ্টায় ভবিষ্যতেও পাশে থাকার পুনর্ব্যক্ত করে।”

