দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্রাহ্মণবাড়িয়া এলাকার ১১৯টি এজেন্ট আউটলেটের মালিক, ৮টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ০৯ জুলাই আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইং-এর প্রধান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ও এমএফএস ও ডিজিটাল ব্যাংকি-এর প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. নেয়ামত উল্লাহ।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের মালিক, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকগণ তাঁদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিং ইত্যাদি চ্যানেলের মাধ্যমে কীভাবে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠিকে সেবার আওতায় আনার বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এ সেবাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে কাজ করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।
এসময় তিনি এজেন্ট আউটলেটে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন সম্পাদন, লেনদেন শেষে সিস্টেম থেকে অটো-জেনারেটেড রসিদ গ্রহণ এবং এসএমএস যাচাই করে লেনদেন নিশ্চিত করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন। পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রান্তিক জনগোষ্ঠিকে আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

