আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ৮ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার এ কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, দক্ষ ও যোগ্য জনবল একটি ব্যাংকের সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। পরিবর্তনশীল ব্যাংকিং ব্যবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা নিয়মিতভাবে উন্নয়ন করা প্রয়োজন। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে ব্যাংকের সেবার মান ও কার্যক্রমের দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শামীম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নির্বাচিত ৫০ জন জেনারেল ব্যাংকিং কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
দক্ষ ব্যাংকার তৈরির মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

