বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে ১১ এপ্রিল ২০২৬ইং তারিখে চুয়াডাঙ্গা জেলার উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এর আয়োজন করে। উক্ত স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব হাসান কাজী তৌফিকুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক জনাব মো: মাহাবুব-উল আলম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এস. এম. রাশেদুল করিম উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আবু ছায়েম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া শিক্ষার্থীদেরকে স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেক্টরে ছাত্র-ছাত্রীদের যে উল্লেখযোগ্য পরিমাণ আমানত রয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।
স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য এক র্যালীর আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত উক্ত স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এ কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার বিতরণ সব মিলে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।

