জনতা ব্যাংকের নতুন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম জনতা পে (Janata Pay) চালু করা হয়েছে। ১২ এপ্রিল রোববার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে জনতা ব্যাংকের এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম এবং আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ভার্চুয়ালি ব্যাংকের সকল কার্যালয় ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনতা পে ব্যবহার করে গ্রাহকরা মোবাইল ওয়ালেট, ব্যাংক কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীনভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। ঘরে বসেই বিভিন্ন সেবা ও বিল পরিশোধ করা যাবে। এতে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে।
প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠানের জন্যও কার্যকর সমাধান প্রদান করবে, যার মাধ্যমে সহজে পেমেন্ট সংগ্রহ ও লেনদেন ব্যবস্থাপনা সম্ভব হবে। একই সাথে জনতা পে দেশের ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিসহ গ্রীন ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সরকারি, বেসরকারি ও ই-কমার্স খাতে সহজে অনলাইনে পেমেন্ট গ্রহণ ও প্রদান করা সম্ভব হবে।

