এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিতবাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অয়োজন করেছে। শনিবার (২০ জুন, ২০২৬) সিরাজগঞ্জের অফিসার্স ক্লাবে ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ লেনদেন’ শীর্ষক স্লোগানে আয়োজিত কনফারেন্সে ৩৫টি ব্যাংক অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুমের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায় এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন। অন্যদের মধ্যে এনআরবিসি ব্যাংকের রাজশাহী জোনের প্রধান অসিম কুমার দাস, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। কনফারেন্সে সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায় বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাজীবন থেকে অর্থনীতি এবং অর্থনীতির চালিকা শক্তি ব্যাংকিং সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। সরকারের আর্থিক সাক্ষরতা কর্মসূচির বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অর্থনীতির কাঠামো আরও শক্তিশালী হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, স্কুল থেকে ব্যাংকিং সেবা গ্রহণ সহজ করতে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং সেবা চালু করেছে। প্রয়োজনীয় নীতিমালা জারি করে বিনামূল্যে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংকই বর্তমানে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ সেবা দিচ্ছে। সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থী ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ লাখ ৭৩ হাজার। এসব হিসাবে শিক্ষার্থীদের জমানো মোট আমানতের পরিমাণ ২ হাজার ৯১০ কোটি টাকা।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, ব্যাংকিং পদ্ধতি এখন হাতের মুঠোয় চলে এসেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং তাদের জন্য প্রয়োাজনীয় যুগোপযোগী ব্যাংকিং সেবা দিতে এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে।
এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুমের খান বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের বিনাখরচে ব্যাংকিং সেবা প্রদান করছে। এছাড়া শিক্ষার্থীদের দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে সহযোগিতায় বিশেষ সেবা চালু রেখেছে। এনআরবিসি ব্যাংকের সারাদেশে বিস্তৃত প্রায় ৫০৯টি শাখা-উপশাখায় শিক্ষার্থীদের জন্য সবধরনের ব্যাংকিং সেবা ও শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।

