মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ১৫তম ব্যাচের জন্য আজ (১৯/০৮/২০২৫) থেকে শুরু করেছে ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম। মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে এই কোর্সের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহক সেবা, কমপ্লায়েন্স, নেতৃত্ব সহ ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন।
এমবিটিআই এর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মোঃ জাকির হোসেন, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, ডিএমডি ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন এবং ডিএমডি ও সিসিও শাহ্ মোঃ সোহেল খুরশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে পেশাদারিত্ব, সততা, শেখার আগ্রহ, সেবা প্রদানের মানসিকতা এবং দ্রুত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদেরকে দায়িত্বশীল ব্যাংকিং পেশাজীবী হিসেবে গড়ে তুলতে এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অর্থপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেন।
অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত করতে ফাউন্ডেশন ট্রেনিং এর গুরুত্ব তুলে ধরেন। ট্রেনিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব ব্যাংকিং পরিস্থিতে প্রয়োগ করতে পরামর্শ দেন তারা। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিটিআই ফ্যাকাল্টি শাহিন আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্যাকাল্টি মুহাম্মদ মিরাজ হোসেন গাজী।

