বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকা- সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডিএমডি ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন এবং সাসটেইনেবল ফাইনান্স ইউনিটের ফোকাল পয়েন্ট অফিসার মোহাম্মদ হাসিবুল হাকিম খান।

