বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ক্যাশলেস বা নগদবিহীন ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘টেলিক্যাশ লিমিটেড’। সাউথইস্ট ব্যাংক পিএলসি-র অঙ্গপ্রতিষ্ঠান টেলিক্যাশ লিমিটেড গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাণিজ্যিকভাবে সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন লাভ করে। এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সাউথইস্ট ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-র সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি জনাব এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিক্যাশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. খালিদ মাহমুদ খান এবং টেলিক্যাশ লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম বলেন, “বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার ও ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে টেলিক্যাশ লিমিটেড-এর যাত্রা শুরু একটি যুগান্তকারী পদক্ষেপ। মূল ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশকে প্রয়োজনীয় কৌশলগত সহায়তা ও নির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সমাধান পৌঁছে দিতে পারে।”
টেলিক্যাশ লিমিটেড-এর চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ বলেন, “টেলিক্যাশ-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দেশের ডিজিটাল আর্থিক সেবার প্রসারে আমাদের অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সাউথইস্ট ব্যাংকের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং গ্রাহক-কেন্দ্রিক এমএফএস প্ল্যাটফর্ম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে টেলিক্যাশ লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. মনিরুল ইসলাম প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল ও লক্ষ্য তুলে ধরে বলেন, “টেলিক্যাশ কেবল বাজারে আরেকটি এমএফএস ব্র্যান্ড হিসেবে নয়; বরং প্রযুক্তিগত উৎকর্ষ, ঝুঁকি-সচেতন পরিচালন এবং সুশাসনের সমন্বয়ে একটি আস্থাশীল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।” তিনি উল্লেখ করেন, “নিরাপদ লেনদেন নিমিষেই” অঙ্গীকারকে পাথেয় করে Bangla QR ভিত্তিক ডিজিটাল লেনদেনকে সহজতর ও সাশ্রয়ী করাই টেলিক্যাশের মূল লক্ষ্য।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ব্যবসায়িক সহযোগী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ নির্মাণের নতুন অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

