ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) সমাপ্ত হওয়া পাঁচ দিনব্যাপী ‘এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৬’-এর সাতটি বিভাগের মধ্যে ছয়টিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক আইইউবি।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা) ও আইইউবি টেবিল টেনিস ক্লাব। দেশের ৯টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন পুরুষ ও ১১ জন নারীসহ মোট ৭১ জন অ্যাথলেট এতে অংশ নেন। অংশগ্রহণকারী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল এআইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউল্যাব, এনএসইউ, নর্দার্ন ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ এককের ফাইনালে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইমরুল কায়েস ইমনকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন আইইউবির রামহিম বম। নারী এককে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আইইউবির শারমিন ইসলাম শ্রদ্ধাকে ৩-২ সেটে হারিয়ে শিরোপা জেতেন এআইইউবির মার্শিয়া মাহীদ মনামী।
উল্লেখ্য, পুরুষ এককে শিরোপাজয়ী আইইউবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রামহিম বম বর্তমানে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২৪ সালের এই জাতীয় চ্যাম্পিয়ন ১৮ অক্টোবর থেকে তাজিকিস্তানে শুরু হতে যাওয়া ‘এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতার অন্যান্য বিভাগে স্বাগতিক আইইউবির দাপট বজায় ছিল। দলীয় বিভাগে পুরুষদের ফাইনালে ড্যাফোডিলকে ৩-০ এবং নারীদের ফাইনালে এআইইউবিকে ৩-২ ব্যবধানে হারিয়ে জোড়া ট্রফি জেতে আইইউবি। দ্বৈত খেলায় পুরুষ দ্বৈতে ড্যাফোডিলকে ৩-২ ও নারী দ্বৈতে এআইইউবিকে ৩-০ সেটে হারিয়ে সেরা হয় তারা। এ ছাড়া মিশ্র দ্বৈতের ফাইনালে আইইউবির অভ্যন্তরীণ লড়াইয়ে এক জুটি অপর জুটিকে ৩-০ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ছাইদুল হক সাদি, আইইউবির ট্রাস্টি মোহাম্মদ তানভীর মাদার, ট্রাস্টি রাশেদ চৌধুরী, উপাচার্য অধ্যাপক ম. তামিম ও উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। টাইটেল স্পনসর এমটিবি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাফকাত হোসেন এবং এ. কে. এম. তারেক।

