সাফল্যের ছয় বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ও করপোরেট অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য ১৭০ বিলিয়ন টাকারও বেশি মূলধন সংগ্রহে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ইউসিবিআইএলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘ইউরোমানি’ টানা চতুর্থবারের মতো প্রতিষ্ঠানটিকে ‘Best Investment Bank in Bangladesh’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই বছর Euromoney Awards for Excellence 2026-এ ‘Bangladesh’s Best Investment Bank for Financing Solutions’ পুরস্কারও অর্জন করেছে ইউসিবিআইএল। উদ্ভাবনী অর্থায়ন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নে প্রতিষ্ঠানটির দক্ষতা এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে এ অর্জন।
প্রতিষ্ঠার পর থেকে ইউসিবিআইএল ইকুইটি ও ডেট ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, মার্জারস অ্যান্ড অ্যাকুইজিশনস, করপোরেট অ্যাডভাইজরি, ভ্যালুয়েশন এবং লোন সিন্ডিকেশনসহ বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবায় নিজেদের সক্ষমতা ও কার্যক্রম সম্প্রসারণ করেছে। ইকুইটি, ডেট ও হাইব্রিড ক্যাপিটাল রেইজিং সল্যুশনে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে শক্তিশালী অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতা। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বন্ডগুলোর প্রায় অর্ধেকের ইস্যু ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছে ইউসিবিআইএল, যা দেশের ডেট ক্যাপিটাল মার্কেটে প্রতিষ্ঠানটির সক্রিয় অবস্থানকে তুলে ধরে।
দেশের প্রাথমিক শেয়ারবাজারে দুই বছরেরও বেশি সময় ধরে নতুন আইপিও না আসার প্রেক্ষাপটে বাজারে গতি ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে বিদ্যুৎ খাতের একটি শীর্ষস্থানীয় কোম্পানিকে বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগে একটি রোডশোর আয়োজন করে ইউসিবিআইএল। মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসা এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের আইপিও বাজারকে আরও প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এ ছাড়া ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের সম্মিলিত উপস্থিতি ইউসিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের সমন্বিত শক্তি, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যের প্রতিফলন ঘটায়।
সাফল্যের ছয় বছর পেরিয়ে সপ্তম বছরে ইউসিবিআইএলের লক্ষ্য শুধু ব্যবসার পরিধি বাড়ানো নয়; বরং দেশের পুঁজিবাজারকে আরও গভীর, গতিশীল ও বৈচিত্র্যময় করে তুলতে অবদান রাখা। উদ্ভাবনী অর্থায়ন সমাধানের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকা, ব্যবসাপ্রতিষ্ঠানকে দেশীয় ও আন্তর্জাতিক মূলধনের সঙ্গে সংযুক্ত করা এবং সম্ভাবনাময় ও মানসম্পন্ন কোম্পানিকে পাবলিক মার্কেটে প্রবেশে সহায়তা করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহক ও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি টেকসই মূল্য সৃষ্টি এবং বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই থাকবে ইউসিবিআইএলের ভবিষ্যৎ পথচলার অন্যতম প্রধান অঙ্গীকার।

