আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৯০তম উপশাখার কার্যক্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার মিরপুরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান প্রফেসর মো. আবু সালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবু সালেহ বলেন, বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা চালুর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সহজেই আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগের ফলে তাঁদের আর্থিক লেনদেন আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। তিনি এ উদ্যোগকে ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট এলাকার ব্যাংকিং সেবা সহজলভ্য করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ব্যাংকিং সেবা সহজলভ্য করার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস, আর্থিক সচেতনতা ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এ উপশাখা কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীরা শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণে আরও আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরীয়াহ্ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে এ উপশাখা চালুর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে শিক্ষার্থীরা সঞ্চয় গড়ে তোলা ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা আমানত ও বিনিয়োগ সুবিধা, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্সসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো. মজিবর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা এফসিএ, সদস্য মো. শিহাব রিজওয়ান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সরফরাজ হামিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্।
উল্লেখ্য, বর্তমানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সারাদেশে ২২৬টি শাখা, ৯০টি উপশাখা ও ৭৩৮টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করছে।

