আন্তর্জাতিক খ্যাতনামা আর্থিক বিষয়ক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইন্যান্স’-এর ‘ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ডিজিটাল ব্যাংক অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এই গৌরব অর্জন করেছে এমটিবি।
এমটিবি’র গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সেবাসমূহের বিস্তৃত পরিসর এবং অত্যাধুনিক প্রযুক্তির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার ভিত্তিতে এই আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে গ্লোবাল ফাইন্যান্স। বাংলাদেশের ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত ফ্রন্টিয়ার-লিডিং সলিউশনসহ সর্ববৃহৎ ডিজিটাল সেবা ইকোসিস্টেম পরিচালনা করছে এমটিবি।
এমটিবি-এর ফ্ল্যাগশিপ ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’ (MTB Neo) বর্তমানে ব্যাংকিং খাতের অন্যতম ফিচার-সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব অ্যাপ, যা পরবর্তী প্রজন্মের ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করছে। নতুন অ্যাকাউন্ট খোলা, এফডিআর, ডিপিএস ও ঋণের আবেদন থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সব ধরনের ব্যাংকিং লেনদেন করা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে। ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বচ্ছন্দ করতে MTB Neo-তে রয়েছে অত্যাধুনিক ভয়েস ব্যাংকিং সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কেবল কণ্ঠস্বর ব্যবহার করেই সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারেন।
এছাড়া, এমটিবি নিও অ্যাপে রয়েছে এআই-চালিত পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট (PFM) সমাধান, যা এমটিবি ও নন-এমটিবি-উভয় ধরনের ব্যবহারকারীকে তাঁদের সম্পদ ও দায়ের হিসাব রাখতে, আয়-ব্যয় ট্র্যাক করতে এবং আর্থিক সিদ্ধান্তের দিকনির্দেশনা পেতে সহায়তা করে।
গ্রাহকসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এমটিবি বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে এআই-চালিত কল সেন্টার এজেন্ট। লাইফ-লাইক কথপোকথনে সক্ষম এই এআই এজেন্ট কার্ড অ্যাক্টিভেশন কিংবা স্টেটমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর দীর্ঘ অপেক্ষার সারি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে। পাশাপাশি, এমটিবি উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হিউম্যানয়েড ব্যাংকিং অ্যাভাটার ‘মিতা’ (MITA – MTB Intelligent Assistant), যা চালুর সময় এশিয়ায় প্রথম এবং বিশ্বে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ছিল। মিতা গ্রাহকদের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে রিটেইল, এসএমই, এগ্রি, ক্রেডিট কার্ড, প্রবাসী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও এমটিবি নিওসহ ব্যাংকের যেকোনো সেবার বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা প্রদান করতে সক্ষম। বর্তমানে এটি এমটিবি নিও অ্যাপ ও ওয়েবসাইট (avatar.mutualtrustbank.com)-এ পাওয়া যাচ্ছে।
এ ছাড়াও ব্যবসায়িক গ্রাহকদের জন্য ডিজিটাল ট্রেড সলিউশন ‘ট্রেড এক্স’ (TradeX) এবং প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের জন্য পুনর্গঠিত ই-ব্যাংকিং (e-banking) অ্যাপসহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলেছে এমটিবি, যা ব্যাংকটিকে দেশের ডিজিটাল ব্যাংকিং খাতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এই অর্জন প্রসঙ্গে এমটিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “গ্লোবাল ফাইন্যান্স-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি এমটিবি’র ডিজিটাল রূপান্তরের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক এবং বিশ্বমানের গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং গড়ে তোলার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। আমাদের লক্ষ্য হলো ‘এমটিবি নিও’-কে দৈনন্দিন জীবনের বিশ্বস্ত ব্যাংকিং সঙ্গী হিসেবে গড়ে তোলা, যাতে গ্রাহকরা ব্রাঞ্চে না গিয়েই ভয়েস ব্যাংকিং, কল সেন্টার এআই এবং ‘মিতা’-র মতো প্রযুক্তির মাধ্যমে সেরা সেবা পেতে পারেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পাওয়া এমটিবি পরিবারের জন্য অত্যন্ত গর্বের এবং এটি বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের উদীয়মান সম্ভাবনারই প্রমাণ।”
‘এমটিবি নিও’, এআই কল সেন্টার, ভয়েস ব্যাংকিং, মিতা, ট্রেড এক্স এবং ই-ব্যাংকিংয়ের মতো উদ্ভাবনী সেবার মাধ্যমে এমটিবি সারাদেশে আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

