পাকিস্তান সরকারের ভূমিকার কারণেই ইসলামাবাদ থেকে বাংলাদেশের ভিসা পাচ্ছে না সে দেশের জনগণ। পাকিস্তানিদের ভিসা দেওয়া বাংলাদেশ বন্ধ করেনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৩ মে থেকে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন কোনো ভিসা ইস্যু করছে না। গত ২৩ মে (বৃহস্পতিবার) হাইকমিশনের ভিসা কাউন্টার খোলা হলেও শুধু ভিসার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করা হচ্ছে না।
জানা গেছে, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য পাকিস্তানই দায়ী। কারণ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ভিসা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার তাঁকে ভিসা দিচ্ছে না। আর এর ফলে তিনি পাকিস্তানে যেতে পারছেন না। অন্যদিকে ওই কর্মকর্তার অবর্তমানে বাংলাদেশি যে কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন তাঁর ভিসারও মেয়াদ ফুরিয়ে গেছে। গত জানুয়ারি মাসে তিনি ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করলেও পাকিস্তান সরকার এখনো তাঁকে ভিসা দেয়নি।
ইসলামাবাদে অবস্থানরত বাংলাদেশি কর্মকর্তার পরিবারের সদস্যদের ভিসা হয়ে গেছে বলে তাদের ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে একাধিকবার ডাকা হয়েছে। পরে সেখানে তাদের দীর্ঘ সময় বসিয়ে রেখে আবার কোনো কারণ না দেখিয়েই ফিরিয়ে দেওয়া হয়।