অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত প্রবেশনারি অফিসারদের ১০০তম ও ১০১তম ব্যাচের ‘ফাউন্ডেশন কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার এবিটিআইয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম।
নবাগত অফিসারদের ৪৫ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পারসুমা আলম প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয় এবং ১০০তম ও ১০১তম ব্যাচের স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। গত ৯ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ফাউন্ডেশন কোর্সটি অনুষ্ঠিত হয়, এতে মোট প্রশিক্ষণার্থী ছিল ৭৩জন। অনুষ্ঠানের শেষে এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম ধন্যবাদ জ্ঞাপন করেন।

